এ যুগের সমাজতান্ত্রিক দেশ সাফল্য, চ্যালেঞ্জ ও লড়াই (প্রথম পর্ব)

Author
শমীক লাহিড়ী

চীনের বিপুল জনসংখ্যার বাস্তবতা এবং দেশের নিজস্ব ঐতিহাসিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় রেখেই সমাজতান্ত্রিক আধুনিকীকরণের পথ নির্ধারণ করতে হচ্ছে। এর লক্ষ্য শুধু অর্থনৈতিক শক্তি বৃদ্ধি নয়, বরং উন্নয়নের সুফল সকলের কাছে পৌঁছে দেওয়া, বস্তুগত উন্নতির সঙ্গে সাংস্কৃতিক অগ্রগতির সমন্বয় ঘটানো, পরিবেশ রক্ষা করা এবং শান্তিপূর্ণ আন্তর্জাতিক পরিবেশে দেশের উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া।

Socialist Countries of This Era: Success, Challenges, and Struggles

বিশ শতকের শেষ দশকে সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির বিপর্যয় আন্তর্জাতিক রাজনীতিতে এক গভীর পরিবর্তনের সূচনা করেছিল। পুঁজিবাদী বিশ্ব সেই ঘটনাকে সমাজতন্ত্রের ঐতিহাসিক পরাজয় এবং পুঁজিবাদের চূড়ান্ত বিজয় হিসেবে তুলে ধরতে মরিয়া প্রচার চালিয়েছিল। এমনকী, সমাজতন্ত্রের ঐতিহাসিক প্রাসঙ্গিকতা শেষ হয়ে গিয়েছে বলেও প্রচার করা হয়েছিল। কিন্তু ইতিহাসের গতিপথ সেই ধারণাকে সমর্থন করেনি। চিন, ভিয়েতনাম, কিউবা, লাওস ও গণতান্ত্রিক কোরিয়া নিজেদের দেশের ইতিহাস, সামাজিক বাস্তবতা ও বৈশিষ্ট্য অনুযায়ী সমাজতান্ত্রিক নির্মাণের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। পুঁজিবাদী বিশ্বব্যবস্থার প্রবল চাপ, আন্তর্জাতিক রাজনৈতিক সংঘাত এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক-সামাজিক চ্যালেঞ্জের মধ্যেও এই দেশগুলো তাদের নিজস্ব পথে এগিয়ে চলেছে।

২০২৫ সালের এপ্রিলে মাদুরাইয়ে অনুষ্ঠিত সিপিআই(এম)-এর ২৪তম পার্টি কংগ্রেস এই দেশগুলির সমাজতান্ত্রিক নির্মাণের প্রচেষ্টার প্রতি সংহতি জানিয়েছে। তবে এই সংহতি কোনও শর্তহীন সমর্থন কিংবা সমালোচনাহীন মূল্যায়ন নয়। মার্কসবাদী দৃষ্টিভঙ্গি থেকে এই দেশগুলির অভিজ্ঞতা বিচার করতে গেলে দুটো পরস্পর সম্পর্কিত প্রশ্নের মুখোমুখি হতে হয়। প্রথমত, নিজেদের দেশের অর্থনৈতিক ও সামাজিক সমস্যাগুলির মোকাবিলা করে তারা কীভাবে সমাজতান্ত্রিক নির্মাণের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে? দ্বিতীয়ত, পুঁজিবাদী বিশ্বব্যবস্থার আধিপত্য, অর্থনৈতিক চাপ ও ভূরাজনৈতিক সংঘাতের মধ্যে নিজেদের জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং সমাজতান্ত্রিক অভিমুখ বজায় রাখার সংগ্রাম তারা কীভাবে পরিচালনা করছে?

সমাজতন্ত্র মাপব কীভাবে?

শুধু জিডিপির হার দিয়ে সমাজতন্ত্রের সাফল্য মাপা যায় না। উৎপাদন বাড়লেও সুফল যদি অল্প কয়েকজনের হাতে জমা হয়, তবে প্রবৃদ্ধি আর সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। সিপিআই(এম)-এর ২০১২ সালের ‘আদর্শগত প্রস্তাব’ সংক্রান্ত দলিলে চিনের সংস্কার প্রসঙ্গে এই দ্বন্দ্বকেই চিহ্নিত করা হয়েছিল। উৎপাদনশক্তির বিকাশ জরুরি, কিন্তু তা আপনা-আপনি সমাজতান্ত্রিক সম্পর্ক গড়ে দেয় না।

তাই তিনটে প্রশ্ন বারবার ফিরে আসে। প্রথমত, মানুষের জীবনযাত্রা কতটা উন্নত হচ্ছে? দ্বিতীয়ত, সম্পদ কীভাবে বণ্টিত হচ্ছে? তৃতীয়ত, অর্থনীতির ওপর সমাজের নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্তে শ্রমজীবীদের অংশগ্রহণ কতটা ঘটছে?

লেনিনের সাম্রাজ্যবাদ-বিশ্লেষণ মনে করিয়ে দেয়, প্রযুক্তি, বাণিজ্য ও পুঁজির ওপর বৃহৎ শক্তির আধিপত্য দুর্বল অর্থনীতির উন্নয়নকে বেঁধে রাখে, ফলে লড়াইটা দুই ফ্রন্টে। এক, দেশের ভেতরে শ্রেণিসম্পর্ক বদলানোর লড়াই; দুই, বাইরে ক্ষমতার অসম ভারসাম্যের মোকাবিলা।

চিন - বিস্ময়কর অগ্রগতি, অমীমাংসিত চ্যালেঞ্জ

১৯৭৮ সালে দেং জিয়াও পিং-এর নেতৃত্বে সংস্কার ও উন্মুক্তকরণের পর চিন দ্রুত শিল্পায়ন ও পরিকাঠামো গড়েছে। বিশ্বব্যাঙ্কের হিসাবে প্রায় ৮০ কোটি মানুষ চরম দারিদ্র্য থেকে বেরিয়েছেন (চিনের জাতীয় দারিদ্র্যরেখা দৈনিক প্রায় ২.৩০ ডলার)। ২০২০ সালে চিন সরকারি মানদণ্ডে চরম দারিদ্র্য সম্পুর্ণভাবে দূরীকরণ ঘোষণা করে।

২০২৫ সালের সরকারি পরিসংখ্যান থেকে ছবিটা বোঝা যায়।

  • জিডিপি ৫ শতাংশ বেড়ে হয়েছে ১৪০.১৯ ট্রিলিয়ন ইউয়ান ( ১ ইউয়ান = ১৪.০৭টাকা।
  • শিল্পোৎপাদন বৃদ্ধি ২৪-২৫ সালে ছিল ৫.৯ শতাংশ; যার মধ্যে যন্ত্রপাতি শিল্প বৃদ্ধি ছিল ৯.২ শতাংশ এবং উচ্চপ্রযুক্তি শিল্প বৃদ্ধি ছিল ৯.৪ শতাংশ। ত্রিমাত্রিক মুদ্রণযন্ত্র উৎপাদন বৃদ্ধি ছিল  ৫২.৫ শতাংশ, শিল্প রোবট ছিল ২৮ শতাংশ এবং নতুন শক্তিচালিত গাড়ির উৎপাদন ২৫.১ শতাংশ বেড়েছে।
  • গবেষণা ও উন্নয়নে ব্যয় প্রায় ৩.৯৩ ট্রিলিয়ন ইউয়ান, যা দেশের জিডিপির ২.৮ শতাংশল যা আগের বছরের চেয়ে ৮.১ শতাংশ বেশি। এছাড়াও মৌলিক গবেষণায় ১১.১ শতাংশ ব্যয় করা হয়েছে।
  • ভোগ্যপণ্যের খুচরো বিক্রি ৫০.১২ ট্রিলিয়ন ইউয়ান (+৩.৭ শতাংশ)। প্রবৃদ্ধিতে চূড়ান্ত ভোগব্যয়ের (Final Consumption Expenditure) অবদান  ছিল ৫২ শতাংশ।

অর্থাৎ চিনের শক্তি শুধু সস্তা শ্রম বা রপ্তানিতে নয়। পরিকল্পনা, রাষ্ট্রীয় বিনিয়োগ, প্রযুক্তিতে দীর্ঘমেয়াদি ব্যয় এবং বিশাল ঘরোয়া বাজার মিলিয়েই এই রূপান্তর।

ছবির অন্য পিঠও আছে। ২০২৫ সালে মাথাপিছু নিষ্পত্তিযোগ্য আয় (Disposable Income) ৪৩,৩৭৭ ইউয়ান, কিন্তু শহরে ৫৬,৫০২ আর গ্রামে ২৪,৪৫৬। শহর-গ্রামের আয়ের অনুপাত ২০২০ সালের ২.৫৬:১ থেকে কমে ২.৩১:১ হয়েছে ঠিকই, তবুও ব্যবধান অনেক। বিশ্বব্যাঙ্কের আগের প্রতিবেদনে সরকারি আয়ভিত্তিক গিনি সূচক ৪৬-এর ঘরে (২০২২ সালে ৪৬.৭), আর উচ্চ-মধ্যম আয়ের দারিদ্র্যসীমা (দৈনিক ৬.৮৫ ডলার) ধরলে ২০২১ সালে প্রায় ১৭ শতাংশ মানুষ তার নিচে। চরম দারিদ্র্য দূর করা আর বৈষম্যহীন সমাজ গড়া তাই এক কাজ নয়। তবে এগুলো বিশ্বব্যাঙ্কের পরিসংখ্যান, যার সঙ্গে সরকারি তথ্যে বেশ খানিকটা পার্থক্য আছে।

চিনের কমিউনিস্ট পার্টি এই বৈষম্যের সমস্যা সম্পর্কে সচেতন। ২০২১ সালের আগস্ট মাসে কেন্দ্রীয় অর্থনৈতিক ও আর্থিক বিষয়ক কমিশনের দশম বৈঠক থেকে ২০২২ সালের ২০তম পার্টি কংগ্রেস, ২০২৪ সালের ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন এবং ২০২৫ সালের চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন পর্যন্ত সাধারণ সমৃদ্ধিকে সমাজতান্ত্রিক আধুনিকীকরণের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে। এই লক্ষ্যে আয়ের তিন পর্যায়ের বণ্টন যথা - প্রাথমিক পর্যায়ের বণ্টন, দ্বিতীয় পর্যায়ের বণ্টন এবং তৃতীয় পর্যায়ের বণ্টনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ উৎপাদন প্রক্রিয়ায় শ্রমের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা, কর ও সামাজিক সুরক্ষার মাধ্যমে আয়ের পুনর্বণ্টন এবং জনকল্যাণমূলক কাজে সামাজিক সম্পদের স্বেচ্ছামূলক ব্যবহারের ব্যবস্থা গড়ে তোলা।

পাশাপাশি গ্রামীণ পুনরুজ্জীবন, কৃষির আধুনিকীকরণ, পিছিয়ে থাকা অঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণের কর্মসূচি নেওয়া হয়েছে। ২০২৫ সালের পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রস্তুতিপর্বে পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার জন্য গৃহীত সুপারিশেও এই লক্ষ্যগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সিপিসির বক্তব্য অনুযায়ী, চিনের আধুনিকীকরণ কেবল অর্থনৈতিক সমৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না; তার সুফল দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছানোও জরুরি।

তবে নীতিগত লক্ষ্য ঘোষণা এবং বাস্তবে বৈষম্য দূর করা এক বিষয় নয়। ২০২৫ সালে শহর ও গ্রামের মাথাপিছু নিষ্পত্তিযোগ্য আয়ের অনুপাত ২.৩১ : ১-এ নেমে এলেও আয়ের ব্যবধান যথেষ্ট বড়। সম্পদের কেন্দ্রীভবন, উচ্চ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ব্যবধান এবং শ্রমের তুলনায় পুঁজির আয়ের অংশের প্রশ্নও রয়ে গিয়েছে। ফলে সাধারণ সমৃদ্ধির কর্মসূচি চিনের সমাজতান্ত্রিক নির্মাণের এক গুরুত্বপূর্ণ দিক হলেও তার সাফল্য বিচার করতে হবে বাস্তব আয়বণ্টন, শ্রমিকের অবস্থান এবং সম্পদের সামাজিক বণ্টনের নিরিখে।

সিপিআই(এম)-এর দৃষ্টিতে এই দুটোই সত্য। অভূতপূর্ব পরিকল্পিত উন্নয়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতার অভিজ্ঞতা উন্নয়নশীল দেশেগুলির কাছে শিক্ষণীয়। আবার বাজার ও ব্যক্তিগত পুঁজির বিকাশের সঙ্গে বৈষম্য, শ্রমিকের অধিকার ও উৎপাদনের ওপর সামাজিক নিয়ন্ত্রণের প্রশ্নও যুক্ত আছে। চীনের কমিউনিস্ট পার্টিও সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজতন্ত্র নির্মানের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কর্মসূচী কথা ঘোষণা করেছে।

চীনের বৈশিষ্ট্য অনুযায়ী সমাজতন্ত্র নির্মাণ

চীনের কমিউনিস্ট পার্টির বিংশতিতম জাতীয় কংগ্রেসের প্রতিবেদনে চীনা আধুনিকীকরণের পাঁচটি স্বতন্ত্র বৈশিষ্ট্য চিহ্নিত করা হয়েছে – বিপুল জনসংখ্যার সকলের অভিন্ন সমৃদ্ধির আধুনিকীকরণ, বস্তুগত সমৃদ্ধি ও সাংস্কৃতিক-নৈতিক উন্নতির সমন্বয়, মানুষ ও প্রকৃতির মধ্যে সামঞ্জস্যপূর্ণ সহাবস্থানের আধুনিকীকরণ, এবং শান্তিপূর্ণ উন্নয়নের পথে আধুনিকীকরণ।

সিপিসির বক্তব্য অনুযায়ী, চীনের বিপুল জনসংখ্যার বাস্তবতা এবং দেশের নিজস্ব ঐতিহাসিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় রেখেই সমাজতান্ত্রিক আধুনিকীকরণের পথ নির্ধারণ করতে হচ্ছে। এর লক্ষ্য শুধু অর্থনৈতিক শক্তি বৃদ্ধি নয়, বরং উন্নয়নের সুফল সকলের কাছে পৌঁছে দেওয়া, বস্তুগত উন্নতির সঙ্গে সাংস্কৃতিক অগ্রগতির সমন্বয় ঘটানো, পরিবেশ রক্ষা করা এবং শান্তিপূর্ণ আন্তর্জাতিক পরিবেশে দেশের উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া।

এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সিপিসি অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও পরিবেশগত – এই পাঁচটি ক্ষেত্রে সমন্বিত উন্নয়নের নীতি গ্রহণ করেছে। পাশাপাশি সংস্কার ও উন্মুক্তকরণ, বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বনির্ভরতা, উচ্চমানের অর্থনৈতিক উন্নয়ন এবং সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির বিকাশকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২৬–২০৩০ সালের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার দিশাতেও এই সমন্বিত উন্নয়নের ওপরেই জোর দেওয়া হয়েছে।

সুতরাং, সিপিসির বক্তব্যে চীনের বৈশিষ্ট্য অনুযায়ী সমাজতন্ত্র নির্মাণের মূল কথা হলো; দেশের বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিকীকরণ, উৎপাদনশীল শক্তির বিকাশ, অভিন্ন সমৃদ্ধির লক্ষ্য এবং অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়নের সমন্বয় ঘটানো।



ক্রমশ......

সম্পূর্ণ প্রতিবেদনটি পাঁচটি পর্বে প্রকাশিত





প্রকাশ: ১১-নভেম্বর-২০২৬

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 10-Nov-26 04:13 | by 3
Permalink: https://cpimwestbengal.org/socialist-countries-of-this-era-success-challenges-and-struggles - exists in postID 32357
Categories: Fact & Figures
Tags: china, november revolution, octoberrevolution, socilalism, republic of china
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড